বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

জীবনের বাকি সময়টা পরিবার নিয়ে কাটাতে চাই: জাহাঙ্গীর

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৬ ইং
জীবনের বাকি সময়টা পরিবার নিয়ে কাটাতে চাই: জাহাঙ্গীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য আখ্যা দিয়ে এর কৃতিত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তা-কর্মচারীর বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, দেশের ইতিহাসে এবারের নির্বাচন ছিল সবচেয়ে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর। তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে মুহাম্মদ ইউনূস তিনবার টেবিল চাপড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পর জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিজের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে জাহাঙ্গীর আলম বলেন, তিনি জীবনের ‘চতুর্থ কোয়ার্টার’-এ রয়েছেন এবং অবশিষ্ট সময় পরিবারকে নিয়ে কাটাতে চান।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, গত দেড় বছরে সংবাদমাধ্যমের কাভারেজ জনগণের কাছে সরকারের কার্যক্রম তুলে ধরতে সহায়তা করেছে এবং ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভূমিকা রেখেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মফিজুর রহমান, যুগ্মসচিব তৌহিদুল ইসলাম ও উপসচিব নীলিমা আফরোজ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত সচিব (প্রশাসন, অর্থ ও পুলিশ) আতাউর রহমান খান এনডিসি।



কমেন্ট বক্স
notebook

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত