শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

জ্বালানি ও ট্রাফিক সিগনাল নিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার

  • আপলোড তারিখঃ ১৫-০৪-২০২৬ ইং
জ্বালানি ও ট্রাফিক সিগনাল নিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে ও বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি করা প্রজেক্ট দেখেন।

জানা গেছে, বিজ্ঞান মেলায় জেলার পাঁচটি উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এই মেলায় বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ক্ষুদে বিজ্ঞানীরা তাদের তৈরিকৃত বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করেন।

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিকস ও তথ্য প্রযুক্তি, স্মার্ট কৃষি ও সেচ ব্যবস্থা, দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা, বর্জ্য দ্বারা বিদ্যুৎ ও এবং জ্বালানি উৎপাদন, স্বপ্ন যাত্রায় নিরাপদ নৌভ্রমণ, জ্বালানি সাশ্রয় পদ্ধতিসহ নানা বিষয় তুলে ধরেন।

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করেন। স্টলগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিভিন্ন বৈজ্ঞানিক মডেল, প্রযুক্তিনির্ভর সমাধান এবং পরিবেশবান্ধব উদ্ভাবন মেলায় বিশেষভাবে নজর কাড়ে। জ্বালানি ও আধুনিক ট্রাফিক সিগনাল নিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের বিস্ময়কর আবিষ্কার অতিথিদের মুগ্ধ করে।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম, সরকারি আদর্শ মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি গাজী আহসান হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মেলা উদ্বোধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে ও বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি আদর্শ মহিলা কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজির হোসেন।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, তাই তাদেরকে এখন থেকেই গবেষণা ও উদ্ভাবনে আগ্রহী করে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানো এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।



কমেন্ট বক্স
notebook

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দলে চার নতুন মুখ