মঙ্গলবার, ২ জুন, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

  • আপলোড তারিখঃ ০২-০৫-২০২৬ ইং
ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তাকে বেঁধে রেখে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২ মে) ভোরে উপজেলা চত্বরের ভেতরে সরকারি কোয়ার্টারে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল।

ভুক্তভোগী উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ভোররাত আনুমানিক ৩টার দিকে মুখে কালো মাস্ক পরা তিনজনের একটি ডাকাত দল তার বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র ছিল। তারা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ডাকাতরা তার স্ত্রীর গলা থেকে সোনার চেন, হাতের আংটি, রুপার নূপুর এবং ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাতির সময় পাশের কোয়ার্টারের বাসিন্দারা যাতে বের হতে না পারে, সেজন্য ডাকাতেরা তাদের কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়।

ডাকাতরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে পাশের কোয়ার্টারের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, উপজেলা পরিষদের প্রাচীরের পাশ থেকে খোয়া যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।



কমেন্ট বক্স