মঙ্গলবার, ২ জুন, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তার সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

  • আপলোড তারিখঃ ০৪-০৫-২০২৬ ইং
বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তার সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

বরগুনার পাথরঘাটা উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা আরাফাত রহমান অভিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ বহিষ্কার করা হয়। 

সোমবার (৪ মে) দুপুরের দিকে বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরগুনা জেলা শাখার সহ স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত রহমান অভিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। এছাড়া ওই বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের আরাফাত রহমান অভির সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশ প্রদান করা হয়।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি বলেন, ঘটনার পর আমরা ওইদিন রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে জেলা ছাত্রদলের মাধ্যমে বিষয়টির তদন্ত চলমান রয়েছে। যদি এমন হয় তাকে হয়রানি করা হয়েছে, অথবা তিনি জড়িত তাহলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।  

প্রসঙ্গত, গত শনিবার (২ মে) রাতে পাথারঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরাফাত রহমান অভিকে গ্রেপ্তার করে পাথরঘাটা থানা পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়। আরাফাত রহমান অভি জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।



কমেন্ট বক্স