রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বিএনপি, মির্জা ফখরুলের নামই আলোচনায়
নিউজফিল্ড রিপোর্ট:
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা চূড়ান্ত করতে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বৈঠক থেকেই রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম নির্ধারণ করে নির্বাচন কমিশনে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। শেষ মুহূর্তের এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে তার মনোনয়নকে প্রায় চূড়ান্ত বলে উল্লেখ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
আজই মনোনয়ন জমার শেষ দিন
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ১৩ আগস্ট। ফলে একই দিন বিএনপির প্রার্থীর নাম চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় সূত্র বলছে, দুপুরের আগেই বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হতে পারে।
রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম নির্ধারণের পাশাপাশি মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থক নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
বৈঠকের আগে ফখরুলের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ার আলোচনা জোরালো হওয়ার মধ্যেই মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এর আগে গত ১ আগস্ট দলের স্থায়ী কমিটির সদস্যরা রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব তারেক রহমানের ওপর ন্যস্ত করেছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
পরবর্তী সময়ে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ও সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিকে ঘিরে সম্ভাব্য প্রার্থী নিয়ে নানা আলোচনা তৈরি হলেও শেষ পর্যন্ত মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি সামনে এসেছে।
অলি আহমদকেও প্রার্থী করেছে ১১ দলীয় জোট
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
আজ তার পক্ষে জোটের নেতারা মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বিএনপির সংখ্যাগরিষ্ঠতায় ফল অনেকটাই নির্ধারিত?
রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরাই ভোট দেন। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকা দল বিএনপির প্রার্থী নির্বাচনে এগিয়ে থাকছেন—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
তবে চূড়ান্তভাবে কে রাষ্ট্রপতি হচ্ছেন, তা জানতে আজ বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা এবং নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।
বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে চলমান জল্পনার অবসান হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রধান সম্পাদক