রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

ট্যাক্স ক্যাডার থেকে প্রথমবার দুদক কমিশনার হলেন সাজ্জাদ

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২৬ ইং
ট্যাক্স ক্যাডার থেকে প্রথমবার দুদক কমিশনার হলেন সাজ্জাদ

দুদকের নতুন কমিশনার সাজ্জাদ হোসেন, ট্যাক্স ক্যাডার থেকে প্রথম

নিউজফিল্ড রিপোর্ট:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সাবেক সদস্য ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

দুদকের ইতিহাসে ট্যাক্স ক্যাডার থেকে প্রথমবারের মতো কোনো কর্মকর্তাকে কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো। এর আগে ট্যাক্স ক্যাডারের একাধিক কর্মকর্তা দুদকের বিভিন্ন পদে ডেপুটেশনে দায়িত্ব পালন করলেও কমিশনার হিসেবে সাজ্জাদ হোসেনই প্রথম।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া কমিশনার হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

তিন দশকের বেশি আর্থিক খাতে অভিজ্ঞতা

ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ট্যাক্স ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২২ সালে এনবিআরের সদস্য হিসেবে অবসর নেন।

এর আগে ২০২৫ সালের ৪ মে তাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, কর আইন, করনীতি, অর্থপাচার প্রতিরোধ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে তার তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শিক্ষা ও পেশাজীবনের শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া। ১৯৮৪ সালে প্রথম শ্রেণিতে বি.কম (সম্মান) এবং ১৯৮৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এম.কম ডিগ্রি অর্জন করেন তিনি। পরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তার শিক্ষাজীবনের শুরু কুমিল্লার বাতাকান্দি এসএসএএইচএম হাইস্কুলে। ১৯৭৯ সালে সেখান থেকে এসএসসি এবং ১৯৮১ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

কর্মজীবনের শুরু ব্যাংকার হিসেবে। ১৯৮৭ সালে আইসিবির সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন। পরের বছর এবি ব্যাংক পিএলসিতে প্রভিশনারি অফিসার হিসেবে দায়িত্ব নেন। ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবেও কাজ করেন।

১৯৯১ সালে বিসিএস ট্যাক্স ক্যাডারে যোগ দেওয়ার পর দীর্ঘ সরকারি চাকরিজীবনে কর প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

উচ্চশিক্ষায়ও সম্পৃক্ততা

সরকারি দায়িত্বের পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রেও যুক্ত রয়েছেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ফিন্যান্স বিভাগসহ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে যুক্ত আছেন বলে জানা গেছে।

নতুন দুদক চেয়ারম্যান ও আরেক কমিশনার

একই প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খানকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করেন। এরপর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার।

নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। কমিটি ছয় দফা বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও যোগ্যতা পর্যালোচনা করে।

পরে চেয়ারম্যান হিসেবে এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম চূড়ান্ত করা হয়।



কমেন্ট বক্স
notebook

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী