‘আয়রন ম্যানের চেয়ে ডক্টর ডুম চরিত্রটাই বেশি উপভোগ করছি’: রবার্ট ডাউনি জুনিয়র
নিউজফিল্ড বিনোদন ডেস্ক:
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ‘আয়রন ম্যান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। দীর্ঘদিনের সেই সুপারহিরো চরিত্রের পর এবার খলনায়ক ‘ডক্টর ডুম’ হিসেবে পর্দায় ফিরছেন এই অভিনেতা।
তবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে ডক্টর ডুম চরিত্রে অভিনয় করাটিই এখন তার কাছে বেশি উপভোগ্য বলে জানিয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র।
সম্প্রতি ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে আয়রন ম্যান ও ডক্টর ডুম—দুটি চরিত্রের মধ্যে কোনটি বেশি উপভোগ করছেন, এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি।
জবাবে ডাউনি জানান, আপাতত তিনি ‘ডুম’ চরিত্রটিকেই এগিয়ে রাখছেন। তার মতে, এতদিন যেসব বিষয় অন্যরা করছিলেন এবং যেগুলো থেকে তিনি দূরে ছিলেন, এবার সেগুলো কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।
অভিনেতার ভাষ্য, অন্যরা যখন একদিকে সুপারহিরোর পোশাকে থাকে, তখন তিনি মাস্ক ও হুড পরে দাঁড়িয়ে থাকেন। তার কাছে এই অভিজ্ঞতা একেবারেই আলাদা।
তিনি আরও বলেন, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে ডক্টর ডুমের সম্পর্ক ও গল্প যেভাবে এগোবে, সেটি একই সঙ্গে রোমাঞ্চকর, প্রত্যাশার বাইরে এবং সুন্দর হবে।
প্রকাশ হয়েছে বিশেষ ফুটেজ
অনুষ্ঠানটিতে মার্ভেল স্টুডিওস ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার বিশেষ কিছু ফুটেজও প্রকাশ করেছে।
ওই ফুটেজে পেড্রো প্যাসকেলের অভিনীত ‘রিড রিচার্ডস’ এবং ডক্টর ডুমের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া গেছে। সেখানে সুপারহিরোদের কর্মকাণ্ড নিয়েই ডুমকে প্রশ্ন তুলতে দেখা যায়।
ফলে নতুন সিনেমায় শুধু সুপারহিরো বনাম ভিলেনের সংঘাত নয়, বরং দুই চরিত্রের মধ্যে গভীর মানসিক ও আদর্শিক দ্বন্দ্বও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাঁচ বছর পর নতুন চরিত্রে মার্ভেলে ডাউনি
২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ টনি স্টার্ক তথা আয়রন ম্যানের মৃত্যুর মধ্য দিয়ে চরিত্রটির যাত্রা শেষ হয়।
এর প্রায় পাঁচ বছর পর মার্ভেল স্টুডিও ঘোষণা দেয়, রবার্ট ডাউনি জুনিয়র নতুন চরিত্র ডক্টর ডুম হিসেবে ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন। ঘোষণা থেকেই সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
তারকায় ভরা ‘ডুমসডে’
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে রবার্ট ডাউনি জুনিয়র ও পেড্রো প্যাসকেলের পাশাপাশি অভিনয় করছেন ক্রিস ইভানস, ক্রিস হেমসওয়ার্থ, পল রাড, অ্যান্থনি ম্যাকি, ফ্লোরেন্স পিউ ও ভ্যানেসা কার্বিসহ আরও অনেকে।
সিনেমাটি পরিচালনার দায়িত্বে যৌথভাবে রয়েছেন রুশো ব্রাদার্স।
বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি আগামী ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রধান সম্পাদক