রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২৬ ইং
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের

নিউজফিল্ড রিপোর্ট:

জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পদ্মা ব্যাংকের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল মতলেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ মামলার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

আসামি যারা

মামলার আসামিরা হলেন—এমএইচ এন্টারপ্রাইজের মালিক মো. মমিনুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম ও মমিনুর রহমানের মামা মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুল মতলেব পাটোয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক (এসভিপি) কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমেদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ মো. কাওসার হোসেন।

দুদকের অভিযোগ, আসামিরা পরস্পরের যোগসাজশে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেন। পরবর্তী সময়ে ওই অর্থ পাচার সংক্রান্ত অপরাধও করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

যেসব ধারায় মামলা

দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় মামলা করা হবে।

দুদক জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলার অনুমোদন দেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী