২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,০০০
নিউজফিল্ড রিপোর্ট:
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন রোগী।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দুই মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে দেশে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৩৬ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।
চলতি বছর হাসপাতালে ভর্তি ৩৩ হাজারের বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৯৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৮৬ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭৫ জন। এ পর্যন্ত মোট ৩১ হাজার ৩৯৭ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ঢাকায় সবচেয়ে বেশি রোগী
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ৩৯১ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৬৩ জন, বরিশালে ১৩৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, ময়মনসিংহে ৪৫ জন এবং রাজশাহী বিভাগে ৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে।
প্রধান সম্পাদক