সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

আনসার ও ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনে আরও কার্যকর ভূমিকার আহ্বান

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২৬ ইং
আনসার ও ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনে আরও কার্যকর ভূমিকার আহ্বান

দেশ গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখতে আনসার-ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান

নিউজফিল্ড রিপোর্ট:

মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।

পেশাদারিত্ব ও দক্ষতা বাড়ানোর তাগিদ

সাক্ষাৎকালে গণঅভ্যুত্থান পরবর্তী জননিরাপত্তা নিশ্চিত করা, ত্রয়োদশ জাতীয় নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা আরও বাড়ানোর পাশাপাশি জনসম্পৃক্ততা জোরদার করতে হবে। একই সঙ্গে বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে আনসার সদস্যদের আরও দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

‘দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা বাহিনী’

রাষ্ট্রপতি বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী।

এ সময় আনসার বাহিনীর সংস্কার এবং আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি।

একই সঙ্গে আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।

সৌরশক্তি ও মানবসম্পদ উন্নয়নে জোর

আনসার ও ভিডিপির সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জনমুখী বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রপতি।

এসব ক্ষেত্রে ভবিষ্যতে আরও কার্যকর কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান তিনি। নিজের দায়িত্ব পালনের সময়ে আনসার ও ভিডিপির উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন রাষ্ট্রপতি।

বাহিনীর কার্যক্রম তুলে ধরলেন মহাপরিচালক

সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এর মধ্যে দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, সদস্যদের ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদন নিয়ে নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন।

দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতাও কামনা করেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী