সিফাতকে গ্রেপ্তার প্রসঙ্গে শফিকুর রহমান: ‘ভালোয় ভালোয় ছেড়ে দেন’
নিউজফিল্ড রিপোর্ট:
সিফাত নামে এক তরুণকে গ্রেপ্তারের সমালোচনা করে তাকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ওই তরুণের বক্তব্যের কারণে এমনভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে যেন এতে বাংলাদেশ উলটপালট হয়ে গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিফাতকে মুক্তির আহ্বান
ডা. শফিকুর রহমান বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত যে বক্তব্য দিয়েছিলেন, সেটিকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার দাবি, দলীয় সন্ত্রাসীরা তাকে থানায় নিয়ে নাজেহাল করেছে।
তিনি সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাকে ভালোয় ভালোয় মুক্তি না দিলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। এ প্রসঙ্গে তিনি নূর হোসেন, ইয়াসমিন ও ডাক্তার মিলনের আন্দোলন ও ঘটনার উদাহরণ তুলে ধরেন।
‘প্রয়োজনে ১৮ কোটি মানুষ সিফাত হয়ে গর্জন করবে’
জামায়াত আমির বলেন, সিফাতের মুখের ভাষাকে তিনি সমর্থন করছেন না। তবে যে বিষয় নিয়ে সিফাত প্রতিবাদ করেছেন, সেই বিষয়ে দেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে প্রতিবাদী হয়ে উঠতে পারে।
তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হলে জনগণও কাউকে ছাড় দেবে না।
ছয় দফার সঙ্গে ‘সপ্তম দফা’
ডা. শফিকুর রহমান বলেন, তাদের দাবিগুলো স্পষ্ট এবং ঘোষিত ছয় দফার সঙ্গে আরও একটি বিষয় যুক্ত হবে। কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে বরদাস্ত করা হবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, চাঁদাবাজদের কারণে জনগণ অতিষ্ঠ এবং দুর্নীতিবাজদের হাতে মানুষের অধিকার লুণ্ঠিত হচ্ছে। একই সঙ্গে গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, সরবরাহ সংকট থাকলেও গ্যাস ও বিদ্যুতের বিল যথারীতি পরিশোধ করতে হচ্ছে।
জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা
শফিকুর রহমান বলেন, ১১ দলীয় ঐক্যের এ কর্মসূচি কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিগোষ্ঠীর জন্য নয়; বরং দেশের ১৮ কোটি মানুষের দাবির পক্ষে তারা মাঠে নেমেছেন।
তিনি বলেন, জনগণের অধিকার আদায় করেই তারা ঘরে ফিরবেন। এ আন্দোলন রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও চলবে এবং জনগণের প্রতিটি অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
প্রধান সম্পাদক