ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান
নিউজফিল্ড অর্থনীতি ডেস্ক:
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। মার্কিন সাময়িকী ফোর্বসের ২০২৬ সালের তালিকায় এবার জায়গা হয়নি তার।
তবে ফোর্বসের বিলিয়নিয়ার প্রোফাইল অনুযায়ী, আজিজ খানের আনুমানিক সম্পদের পরিমাণ এখনো প্রায় ১০০ কোটি মার্কিন ডলার। ২০২৫ সালের তালিকায় তিনি ৪৯তম অবস্থানে ছিলেন এবং তার সম্পদের পরিমাণ ছিল ১১০ কোটি ডলার।
এর আগে দুই বছরও তালিকায় ছিলেন
২০২৪ সালেও সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় ৪৩তম অবস্থানে ছিলেন আজিজ খান। ২০১৮ সালে প্রথমবার ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় স্থান পান তিনি।
কয়েক বছর ধারাবাহিকভাবে তালিকায় থাকার পর এবারই প্রথম তিনি শীর্ষ ৫০ থেকে বাদ পড়লেন।
ন্যূনতম সম্পদের সীমা ১০০ কোটি ডলার
ফোর্বসের ২০২৬ সালের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় ব্যক্তি ও পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ ২৩৯ বিলিয়ন মার্কিন ডলার। তালিকায় স্থান পাওয়ার ন্যূনতম সম্পদের সীমাও গত বছরের মতো ১০০ কোটি ডলার রাখা হয়েছে।
অর্থাৎ তালিকায় জায়গা না পেলেও আজিজ খানের সম্পদের পরিমাণ নির্ধারিত সীমার কাছাকাছি রয়েছে।
তালিকার শীর্ষে এদুয়ার্দো স্যাভেরিন
২০২৬ সালের তালিকায় সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে শীর্ষে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন। তার সম্পদের পরিমাণ ৩২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন কুয়েক লেং বেং ও তার পরিবার, যাদের সম্পদের পরিমাণ ১৬ দশমিক ১ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন রবার্ট ও ফিলিপ এনজি, তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশের বিদ্যুৎ ও অবকাঠামো খাতে বড় ব্যবসা
ফোর্বসের তথ্য অনুযায়ী, আজিজ খানের সম্পদের বড় অংশ বাংলাদেশের বিদ্যুৎ ও অবকাঠামো খাতের ব্যবসা থেকে এসেছে। সামিট গ্রুপের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতে বিনিয়োগ রয়েছে।
সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ারের অংশীদার জাপানি কোম্পানি জেরা।
ফোর্বস জানিয়েছে, তালিকা তৈরির সময় ব্যক্তি ও পরিবারের শেয়ার মালিকানা, আর্থিক তথ্য, স্টক এক্সচেঞ্জের তথ্যসহ বিভিন্ন উৎস বিবেচনায় নেওয়া হয়েছে। ২০২৬ সালের ১৪ আগস্ট বাজার বন্ধের সময়কার শেয়ারমূল্য ও বিনিময় হার ব্যবহার করে সম্পদের হিসাব করা হয়েছে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, আজিজ খান বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক ও সেখানকার বাসিন্দা।
প্রধান সম্পাদক