আবারো সেরা লোকসংগীত শিল্পী ‘লালন কন্যা’ আলমডাঙ্গার বিউটি

আপলোড তারিখঃ 2026-04-12 ইং
আবারো সেরা লোকসংগীত শিল্পী ‘লালন কন্যা’ আলমডাঙ্গার বিউটি ছবির ক্যাপশন:

বাংলা লোকসংগীতের আঙিনায় নিজের অবস্থানকে আরও একবার সুসংহত করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাসরিন আক্তার বিউটি। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সংগীত সম্মাননা ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’-এ তিনি লোকগান বিভাগে শ্রেষ্ঠ শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন। মহাত্মা লালন সাঁইয়ের আধ্যাত্মিক দর্শননির্ভর জনপ্রিয় গান ‘চার চাঁদে দিচ্ছে ঝলক’-এর অসাধারণ পরিবেশনার জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। পুরস্কারপ্রাপ্ত গানটি বিউটির একক অ্যালবাম ‘লালন কন্যা’ থেকে নেয়া হয়েছে। এই অ্যালবামে তিনি লালনের চিরন্তন ভাবধারাকে আধুনিক বাদ্যযন্ত্রের সমন্বয়ে অত্যন্ত নিপুণভাবে উপস্থাপন করেছেন। সংগীত সমালোচকদের মতে, বিউটির কণ্ঠে গ্রামীণ আবেগ, মরমি আধ্যাত্মিকতা এবং মাটির ঘ্রাণ একীভূত হয়ে এক অনন্য আবেশ তৈরি করে, যা তাকে সমসাময়িক অন্য শিল্পীদের চেয়ে আলাদা করে তুলেছে। দ্বিতীয়বারের মতো এই সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত বিউটি বলেন, ‘কাজের স্বীকৃতি সবসময়ই বড় আনন্দের এবং আগামীর পথচলার অনুপ্রেরণা। আমি আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আই-এর প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। তবে আমার এই সাফল্যের মূল কারিগর আমার শ্রোতা ও দর্শকরা। তাদের ভালোবাসাই আমার সংগীত জীবনের সবচেয়ে বড় শক্তি।’ ২০০৫ সালে রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’-এর প্রথম আসরে দ্বিতীয় রানার-আপ হয়ে পাদপ্রদীপের আলোয় আসেন বিউটি। সেই প্রতিযোগিতার বিচারক, কিংবদন্তি সুরকার প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল তার গায়কীতে মুগ্ধ হয়ে তাকে ‘লালন কন্যা’ উপাধি দিয়েছিলেন। সেই থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের মেয়ে লালনের গানকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। তার উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘লালন কন্যা’, ‘পিরিতের জ্বালা’, ‘চোখেতে লালন আমার’ ও ‘চরণদাসী’। বর্তমানে দুই সন্তানের জননী বিউটি স্টেজ শো এবং নতুন মৌলিক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। লোকসংগীতের বিশুদ্ধতা রক্ষা করাকে তিনি নিজের ব্রত হিসেবে নিয়েছেন। ভবিষ্যতে লালন শাহর গানের একটি ব্যক্তিগত ডিজিটাল আর্কাইভ তৈরি করার পরিকল্পনা রয়েছে তার। লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করতে বিউটির এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের শেকড় সন্ধানী গানের ধারায় এক নতুন পালক। ভক্তদের প্রত্যাশা, বিউটির দরাজ কণ্ঠের জাদুতে বাংলা লোকগান একদিন বিশ্বদরবারে আরও সম্মানের আসনে আসীন হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)