ছবির ক্যাপশন:
২০ কোটি রুপি নাকি সিনেমার লাভের ভাগ—শ্রদ্ধার নতুন পারিশ্রমিক কৌশল
নিউজফিল্ড বিনোদন ডেস্ক:
বলিউডে তারকাদের পারিশ্রমিক নেওয়ার প্রচলিত পদ্ধতিতে ধীরে ধীরে পরিবর্তন আসছে। সিনেমায় অভিনয়ের বিনিময়ে এককালীন বড় অঙ্কের পারিশ্রমিক নেওয়ার পাশাপাশি এখন অনেক তারকাই ছবির লাভ, স্বত্ব ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তির (আইপিআর) অংশীদার হওয়ার পথে হাঁটছেন।
এবার সেই নতুন মডেলের দিকেই এগোচ্ছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর—এমন খবর প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।
‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখবেন রাহুল মোদী।
২০ কোটি রুপির প্রস্তাব, তবু অন্য ভাবনা শ্রদ্ধার
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুরকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
তবে সর্বশেষ তথ্য বলছে, এককালীন সেই পারিশ্রমিক নেওয়ার পরিবর্তে সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন অভিনেত্রী।
এই মডেলে শ্রদ্ধা শুরুতে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক না-ও নিতে পারেন। এর পরিবর্তে সিনেমার স্বত্ব, ওটিটি বিক্রি এবং বক্স অফিস থেকে অর্জিত লাভের একটি অংশ পাওয়ার সুযোগ থাকবে তার।
সিনেমাটি বড় ধরনের ব্যবসাসফল হলে এই পদ্ধতিতে শ্রদ্ধার আয় প্রস্তাবিত ২০ কোটি রুপির চেয়েও অনেক বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বলিউডে জনপ্রিয় হচ্ছে লাভ ভাগাভাগির মডেল
তারকাদের পারিশ্রমিকের ক্ষেত্রে এমন ব্যবসায়িক মডেল অবশ্য বলিউডে একেবারে নতুন নয়।
সম্প্রতি অক্ষয় কুমারও এ ধরনের চুক্তির মাধ্যমে লাভবান হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় তুলনামূলক কম পারিশ্রমিক নিয়ে ছবিটির একটি বড় অংশের স্বত্ব নিজের ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের নামে রাখেন তিনি।
সিনেমাটি সফল হওয়ার পর লাভের অংশ হিসেবে অক্ষয় কুমার ৩৫ কোটি রুপির বেশি আয় করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
শুধু অক্ষয় নন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো শীর্ষ তারকারাও পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লাভের অংশ নেওয়ার মডেলে আগ্রহ দেখাচ্ছেন বলে জানা গেছে।
‘ইথা’ নিয়েও ব্যস্ত শ্রদ্ধা
এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘ইথা’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে।
চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি
অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা কাপুর শেষ পর্যন্ত সরাসরি ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে সিনেমার লাভের অংশীদার হবেন—তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
তবে যদি তিনি দ্বিতীয় পথটি বেছে নেন, তাহলে বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিক কাঠামোয় এটিকে একটি উল্লেখযোগ্য ব্যবসায়িক সিদ্ধান্ত হিসেবে দেখা হতে পারে।
এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
