ছবির ক্যাপশন:
৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল
নিউজফিল্ড রিপোর্ট:
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে তিনি বিজয়ী হন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
ফখরুল ২৫৫, অলি ৮৮ ভোট
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য। ভোটগ্রহণে ৬টি ব্যালট অব্যবহৃত ছিল। বিভিন্ন ত্রুটির কারণে আইন অনুযায়ী ৪টি ব্যালট পরিবর্তন করা হয়।
গণনা শেষে বৈধ ৩৪৩ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ফলাফল ঘোষণা করে সিইসি এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
ফুল দিয়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্যদের
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে বিরোধীদলীয় নেতাসহ জাতীয় সংসদের অন্যান্য সদস্যরা একে একে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
যেভাবে ভোট দিলেন সংসদ সদস্যরা
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট দেওয়ার আগে প্রত্যেক সদস্যকে পূর্ণ নাম স্বাক্ষর করতে হয়।
ভোটগ্রহণ শুরু হলে সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্য ভোট প্রদান করেন।
ব্যালট গণনা শেষে ফলাফল প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলো।
