বাংলাদেশি নাগরিকদের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপলোড তারিখঃ 2026-09-01 ইং
বাংলাদেশি নাগরিকদের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র ছবির ক্যাপশন:

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য ফের চালু মার্কিন অভিবাসী ভিসা

নিউজফিল্ড আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য স্থগিত থাকা অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া আবারও চালু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর আগের স্থগিতাদেশ বাতিল করে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুযোগ-সুবিধার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন—এমন আবেদনকারীদের যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে গত জানুয়ারি থেকে এসব দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত রেখেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আদালতের আদেশে নীতি বাতিল

চলতি বছরের জানুয়ারিতে ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এসব ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ বা গ্রিন কার্ড পাওয়ার পথ তৈরি হয়।

ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের (ক্লিনিক) করা একটি মামলায় নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা বিচারক জিনেট ভার্গাস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে রায় দেন। এরপর ২১ আগস্ট ওই ভিসা স্থগিত নীতি বাতিল হয়।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শুধু কোনো ব্যক্তির জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা প্রত্যাখ্যান করা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের আওতায় পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার মধ্যে পড়ে না।

পরবর্তীতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ২৮ আগস্ট তথ্য হালনাগাদ করে জানানো হয়, ওই স্থগিতাদেশ আর কার্যকর নেই।

তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

স্থগিতাদেশের আওতায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, মিয়ানমার, ভুটান, ব্রাজিল, কম্বোডিয়া, চীন, কলম্বিয়া, কিউবা, মিসর, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, লেবানন, লিবিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, থাইল্যান্ড, তিউনিশিয়া, উগান্ডা, উজবেকিস্তান ও ইয়েমেনসহ মোট ৭৫টি দেশ।

এখন আবেদনকারীদের কী হবে?

স্থগিতাদেশ উঠে যাওয়ায় তালিকাভুক্ত ৭৫ দেশের নাগরিকদের জন্য সাধারণ নিয়ম ও যাচাই-বাছাই মেনে আবার অভিবাসী ভিসা ইস্যু করা হবে।

নীতিটি চলাকালে আবেদনকারীরা আবেদন জমা দেওয়া এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেলেও চূড়ান্ত ভিসা ইস্যুর প্রক্রিয়া স্থগিত ছিল। এখন সেই বাধা আর নেই।

আগে ইস্যু করা ভিসার ওপর এই স্থগিতাদেশের কোনো প্রভাব পড়েনি বলেও জানানো হয়েছে।

কারা এই বিধিনিষেধের বাইরে ছিলেন?

যেসব ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং তালিকাভুক্ত ৭৫ দেশের বাইরের কোনো দেশের বৈধ পাসপোর্ট আছে, তারা এই বিধিনিষেধের আওতায় ছিলেন না।

এ ছাড়া প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন ১০৯৯৮-এর আওতায় বিশেষ ছাড় পাওয়া মার্কিন পরিবারগুলোর দত্তক নেওয়া শিশুরাও এই নীতির বাইরে ছিল।

তবে পর্যটক, শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের মতো অ-অভিবাসী ভিসা এই নির্দিষ্ট স্থগিতাদেশের আওতাভুক্ত ছিল না।

ফলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রিয়া ফের স্বাভাবিক হওয়ার পথ খুলেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)