ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার

আপলোড তারিখঃ 2026-09-14 ইং
ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার ছবির ক্যাপশন:

ব্যাংকে কোটি টাকার হিসাব বেড়েছে ৫ হাজারের বেশি, তিন মাসে নতুন চিত্র

নিউজফিল্ড অর্থনীতি ডেস্ক:
সংসারের ব্যয় মেটাতে নিম্ন ও মধ্যবিত্তের একটি অংশ যখন সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে, তখন ব্যাংকিং খাতে বাড়ছে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে দেশে এক কোটি টাকার বেশি জমা থাকা ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টি।

মার্চ শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। অর্থাৎ মাত্র তিন মাসে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি।

ব্যাংক আমানতও বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এসব হিসাবে মোট আমানতের পরিমাণ ২২ লাখ ১০ হাজার ৪৪৪ কোটি টাকা।

এর তিন মাস আগে মার্চ শেষে মোট ব্যাংক হিসাব ছিল ১৮ কোটি ২৬ লাখ ১২ হাজার ১৫টি। সে সময় এসব হিসাবে জমা ছিল ২১ লাখ ৫৮ হাজার ২ কোটি টাকা।

হিসাব অনুযায়ী, তিন মাসে ব্যাংক খাতে মোট হিসাব বেড়েছে ৩৭ লাখ ৭২ হাজার ৫৭৩টি। একই সময়ে আমানত বেড়েছে ৫২ হাজার ৪১৯ কোটি টাকা।

সাধারণ মানুষের ব্যয়ের চাপ, বড় আমানতে উল্টো চিত্র

খাতসংশ্লিষ্টদের মতে, ব্যাংকের বাইরে থাকা অর্থের একটি অংশ আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরছে। এর ফলে সামগ্রিকভাবে ব্যাংক আমানত বাড়ছে। একই সঙ্গে বড় ব্যবসা ও প্রাতিষ্ঠানিক আমানতও বড় অঙ্কের আমানত বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

তাদের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্তের একটি অংশ দৈনন্দিন ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে বড় ব্যবসায়ী ও বিত্তশালী শ্রেণির একটি অংশের আয় ও ব্যাংক আমানত বাড়ছে। অর্থনীতির এই দুই বিপরীত চিত্র নিয়েই তৈরি হয়েছে আলোচনা।

কোটি টাকার হিসাব মানেই কোটিপতি নয়

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকে এক কোটি টাকার বেশি থাকা হিসাবের সংখ্যা দিয়ে দেশের প্রকৃত কোটিপতির সংখ্যা নির্ধারণ করা যায় না।

তাদের ব্যাখ্যা অনুযায়ী, এসব হিসাবের মধ্যে ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার হিসাব থাকতে পারে। আবার একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান একাধিক ব্যাংক হিসাব খুলতে পারে। ফলে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা এবং প্রকৃত কোটিপতি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংখ্যা এক নয়।

দুই দশকে দ্রুত বেড়েছে কোটি টাকার হিসাব

তথ্য অনুযায়ী, ১৯৭২ সালে দেশে এক কোটি টাকার বেশি আমানতকারী হিসাব ছিল মাত্র ৫টি। ১৯৭৫ সালে তা বেড়ে ৪৭টিতে এবং ১৯৮০ সালে ৯৮টিতে দাঁড়ায়।

পরবর্তী সময়ে এ সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ১৯৯০ সালে ছিল ৯৪৩টি, ১৯৯৬ সালে ২ হাজার ৫৯৪টি, ২০০১ সালে ৫ হাজার ১৬২টি, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭টি এবং ২০০৮ সালে ১৯ হাজার ১৬৩টি।

২০২০ সালের ডিসেম্বর শেষে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা ছিল ৯৩ হাজার ৮৯০টি। ২০২১ সালের ডিসেম্বরে তা বেড়ে ১ লাখ ১৯৭৬টি এবং ২০২২ সালের ডিসেম্বরে ১ লাখ ৯ হাজার ৯৪৬টিতে পৌঁছায়।

২০২৩ সালের ডিসেম্বরে এ সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১৬ হাজার ৯০৮টি। ২০২৪ সালের ডিসেম্বরে বেড়ে হয় ১ লাখ ২২ হাজার ৮১টি এবং ২০২৫ সালের ডিসেম্বর শেষে দাঁড়ায় ১ লাখ ৩৪ হাজার ৪৪টি।

সবশেষ চলতি বছরের জুনে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা আরও বেড়ে ১ লাখ ৪১ হাজার ৫৬২টিতে পৌঁছেছে।

আয় ও সম্পদ বণ্টনের বৈপরীত্য

একদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও আর্থিক চাপ বাড়ছে, অন্যদিকে ব্যাংকে বড় অঙ্কের আমানত থাকা হিসাবের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। অর্থনীতির এই বৈপরীত্য দেশের আয় ও সম্পদ বণ্টনের চিত্র নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করছে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)