শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

দেশের সংকটকালে জিয়া পরিবারই বারবার জাতির হাল ধরেছে : খায়রুল কবির

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২৬ ইং
দেশের সংকটকালে জিয়া পরিবারই বারবার জাতির হাল ধরেছে : খায়রুল কবির

দেশ ও জাতির সংকটকালে ও ক্রান্তিলগ্নে জিয়া পরিবারই বারবার জাতির হাল ধরেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সোমবার (১৯ জানুয়ারি) রাতে নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির বলেন, জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছিলেন। খালেদা জিয়া দীর্ঘ নয় বছর সামরিক ও স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করে আপসহীন নেত্রীর খেতাব পেয়েছিলেন। আর দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট, দানবীয় ও মাফিয়া সরকারের বিরুদ্ধে লড়াই করে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি পেয়েছেন। দেশের প্রতি জিয়া পরিবারের অনেক অবদান রয়েছে এবং এই পরিবারের প্রতি দেশ ও জাতি চিরকৃতজ্ঞ।

খায়রুল কবির খোকন আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। তাকে ৫০ লাখ লোক উপস্থিত হয়ে যে সংবর্ধনা দিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। ঐতিহাসিক ছাত্র গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে, তার পেছনে জিয়া পরিবারের সবচেয়ে বড় অবদান রয়েছে। আসন্ন নির্বাচনে জনগণ তাদের পবিত্র আমানত ভোট দিয়ে জিয়া পরিবার দেশের প্রতি যে অবদান রেখেছে তার স্বীকৃতি দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহসভাপতি অ্যাডভোকেট আবদুল বাসেদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গোলাম কিবরিয়া কামাল, হারুন অর রশিদ, ফারুক উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

ডিবি পরিচয়ে উঠিয়ে নেওয়া হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর