মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০২৬ ইং
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার ঘটনায় আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি

নিউজফিল্ড স্পোর্টস ডেস্ক:
নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন সরকারের সিদ্ধান্তে সায় দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়া নিয়ে তখন দেশজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদও জানিয়েছিলেন অনেকে। পরে বিষয়টির নেপথ্য কারণ অনুসন্ধানে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে।

২২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ

চলতি বছরের মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।

কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়।

‘বিশ্বকাপে খেলা উচিত ছিল’

তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল গণমাধ্যমকে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা, সংবাদমাধ্যমের প্রতিবেদন ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে তারা মনে করেছেন, বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সেই সময়ের সরকার দায়ী।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।

যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে

তদন্ত প্রতিবেদনে বেশ কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তের বক্তব্য নেওয়া হয়েছে।

এ ছাড়া বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল, বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক এবং ওই সময়ে বিসিবিতে দায়িত্বে থাকা আরও কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

পাশাপাশি গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির বক্তব্যও তদন্তের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে।

আসিফ নজরুল ও আমিনুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি

তবে যাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে অভিযোগের বিষয়টি উঠে এসেছে, সেই সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

প্রতিবেদনে বিভিন্ন সাক্ষাৎকার ও তথ্যের ভিত্তিতে বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।




কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি