বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

নীরব প্রেমের গল্পে নাওভি-জিম

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০২৬ ইং
নীরব প্রেমের গল্পে নাওভি-জিম

ধানমন্ডির এক পুরোনো ফ্ল্যাটে একা থাকে অর্পিতা। নিয়মে বাঁধা নীরব এক জীবন। প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে সে দাঁড়িয়ে থাকে বারান্দায়—কারও জন্য নয়, অপেক্ষা শুধু একটি মুহূর্তের, একটি সম্ভাবনার, আর নীল রঙের এক স্মৃতির।

বর্ষার এক দিনে নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানে বৃষ্টিভেজা পরিচয় হয় শুভ্রর সঙ্গে। নীল রেইনকোট পরা, রবীন্দ্রনাথপ্রেমী এই তরুণের সঙ্গে চা, বই আর বৃষ্টির ফাঁকে জন্ম নেয় এক নিঃশব্দ সংযোগ। বিদায়ের সময় শুভ্র জানায়, ফিরলে সে ফিরবে নীল রেইনকোট পরেই।

এরপর অর্পিতার জীবন ধীরে ধীরে রূপ নেয় অপেক্ষায়। দোকান, টং, খালি চেয়ার আর স্মৃতির ভিড়ে বৃষ্টির দিনে নীল রেইনকোট দেখলেই তার বুক ধকধক করে ওঠে। একদিন হঠাৎ নীল রেইনকোটধারী এক মানুষকে দেখে সে দৌড়ে নেমে ডেকে ওঠে—‘অ্যাই শুভ্র, শুনছেন…?’

এমনই নীরব ও বিষণ্ন ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে আসন্ন ভালোবাসা দিবসের নাটক ‘নীল রেইনকোট’। তানভীর হাসানের গল্পে নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। এতে শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতা চরিত্রে জিম। এই নাটকের মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি হয়ে পর্দায় আসছেন তারা।পরিচালক রুবেল আনুশ জানান, ভালোবাসা দিবসকে সামনে রেখে স্যাড-রোমান্টিক এই গল্পটি নির্মাণ করা হয়েছে। তার মতে, নাওভি ও জিম দুজনেই চরিত্রে মানিয়ে গেছেন।

প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হলেও নাটকটি মুক্তি পাবে তার আগেই। আগামী ৬ ফেব্রুয়ারি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘নীল রেইনকোট’।

নাওভি ও জিম ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার আজপুর, আনোয়ার, সিদ্ধাত্য, আব্রাহাম তামিমসহ আরও অনেকে।



কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি