মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

অর্থ পাচারের অপরাধে অভিযুক্ত গানবাংলার তাপস

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৬ ইং
অর্থ পাচারের অপরাধে অভিযুক্ত গানবাংলার তাপস

সঙ্গীতশিল্পী ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাপসসহ তার স্ত্রী ও সন্তানদের আয়কর নথি জব্দের আদেশও দেয়া হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় ও তাপসের বিরুদ্ধে অর্থ পাচারের প্রাথমিক তথ্য পাওয়ায় এ আদেশ দেয়া হয়।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রাষ্ট্রপক্ষে শুনানি করেন।
 
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মেহেদী হাসান আবেদন দুটি করেন।
 
আবেদনে বলা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে তিনি বাইরে গেলে অনুসন্ধান কার্যক্রম ও বিচারকাজ বিঘ্নিত হবে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপসের বিদেশ গমন ঠেকানো দরকার।
 
আরেক আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে তাপসের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সরকারি বিভিন্ন দফতরে চিঠি দেয়া হয়। বেশিরভাগ চিঠির জবাব মিললেও সন্দেহভাজন ব্যক্তি ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি দেয়নি এনবিআর। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপস ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি জব্দের প্রয়োজন।
 
ইতিমধ্যে তাপসের বিরুদ্ধে অর্থ পাচারের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাই বিদেশ গমন রোধে আদালত আজ তার দেশত্যাগে নিষেধাজ্ঞার ঘোষণা করেন।
 
এদিকে তাপসের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহ চলমান থাকায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপস ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আয়কর নথি জব্দের আদেশ দেয়া হয়। দ্রুতগতিতে চলছে আয়কর নথি পর্যালোচনার প্রচেষ্টা।
 
সঙ্গীত সুরকার, প্রযোজক ও গায়ক তাপসের হাত ধরে দেশি-বিদেশি কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রীদের সমন্বয়ে গান বাংলার সংগীতের আন্তর্জাতিক উদ্যোগ ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে ও দেশের বাইরে বিশেষভাবে আলোচিত হয়।২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তাপস। তিনি দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পান ২০১৮ সালে।
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণির ‘গান বাংলা'র কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেয়া হয়। এরপর ২০২৪ সালের ৪ নভেম্বর তাপসকে গ্রেফতার করে পুলিশ। গত জুনে তিনি জামিনে কারামুক্ত হন।



কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি