ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ফল গণনার আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীতে এক ব্রিফিংয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।
এহসানুল মাহবুব বলেন, “৩০টি আসনে পুনরায় ভোট গণনার আবেদন করেছে জামায়াতে ইসলামী। এসব আসনে ফলাফল স্থগিত রাখতে আইনি পথে হাঁটবে দল। একই সঙ্গে এই ৩০টি আসনে নবনির্বাচিতদের শপথ স্থগিত রাখতেও আবেদন করা হয়েছে।”
এহসানুল মাহবুব অভিযোগ করে বলেন, “নির্বাচনের পর সারা দেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। নারীদের ওপরও হামলা চালানো হচ্ছে। নির্বাচনে অন্তত ৩০টি আসনে কারচুপি, এজেন্টদের বের করে দেওয়াসহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে।”
গত বৃহস্পতিবার ২৯৯টি আসনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। শুক্রবার রাতে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। এ ছাড়া জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
প্রধান সম্পাদক