মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

সংসদে সরকারকে জানিয়ে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে উদ্যোগ নেব

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০২৬ ইং
সংসদে সরকারকে জানিয়ে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে উদ্যোগ নেব

চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি সংসদে তুলে ধরে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের প্রায় চারটি বিভাগে মানুষ বন্যার কষ্টে দিন কাটাচ্ছে। আপনাদের এলাকার জনপ্রতিনিধি সংসদে এলাকার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেছেন। আজ আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, সামান্য সহযোগিতা করার চেষ্টা করেছি। সংসদে ফিরে সরকারকে সবকিছু অবহিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি তিনি বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামে পৌঁছে ডা. শফিকুর রহমান সরাসরি বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ ঘুরে দেখেন। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

এসময় তিনি বলেন, যেখানেই জনগণের দুর্দশা, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি সেখানে চলে যাব, ইনশাআল্লাহ।

চট্টগ্রাম সফরে তার সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি