তিন বন্ধ পাটকল চালুতে ৬১৯ কোটি টাকা বিনিয়োগ, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি
নিউজফিল্ড রিপোর্ট:
দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মিল তিনটি বেসরকারি ব্যবস্থাপনায় দিতে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের সঙ্গে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) লিজ চুক্তি হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। অন্যদিকে খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেডের দায়িত্ব পেয়েছে হ্যামকো গ্রুপ।
চুক্তির আওতায় বন্ধ থাকা তিনটি মিল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করা হবে। এ তিন কারখানায় সব মিলিয়ে প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। মিলগুলো চালু হলে কমপক্ষে ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বার্ষিক টার্নওভার ধরা হয়েছে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা।
জাতীয় জুট মিলে বিনিয়োগ ১৫৭ কোটি টাকা
সিরাজগঞ্জের রায়পুরে অবস্থিত জাতীয় জুট মিলস লিমিটেডে প্রায় ১৫৭ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
মিলটি পুনরায় চালু হলে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির সম্ভাব্য বার্ষিক টার্নওভার প্রায় ৫০০ কোটি টাকা হতে পারে।
স্টার জুট মিলে বিনিয়োগ ২৫০ কোটি
খুলনার দিঘলিয়ায় অবস্থিত স্টার জুট মিলস লিমিটেডে প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
মিলটি চালু হলে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ৫০০ কোটি টাকা হতে পারে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।
প্লাটিনাম জুবিলী জুট মিলে ২১২ কোটি টাকা
খুলনার খালিশপুরে অবস্থিত প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেডে প্রায় ২১২ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
মিলটি চালু হলে কমপক্ষে ১ হাজার ১৫৩ জনের কর্মসংস্থান হবে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বার্ষিক টার্নওভার ধরা হয়েছে প্রায় ১৭৫ কোটি টাকা।
২৫ বন্ধ মিলের ২০টি বেসরকারি ব্যবস্থাপনায়
অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি ইজারার মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতোমধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং লিজগ্রহীতাদের কাছে সেগুলোর দখল হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ৯টি মিলে ইতোমধ্যে উৎপাদনও শুরু হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বিজেএমসি এবং লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক