মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

ভারত থেকে আসছে ১৯ রেল কোচ

  • আপলোড তারিখঃ ১২-০৮-২০২৬ ইং
ভারত থেকে আসছে ১৯ রেল কোচ

বাংলাদেশের জন্য ১৯ এলএইচবি কোচের প্রথম রেক তৈরি করল ভারত

নিউজফিল্ড ডেস্ক:

বাংলাদেশ রেলওয়ের জন্য ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম রেক প্রস্তুত করেছে ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)। বুধবার (১২ আগস্ট) রেকটির আনুষ্ঠানিক রোল আউট হওয়ার কথা রয়েছে।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের যাত্রীদের চাহিদা এবং রেল পরিচালন ব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে এসব কোচ। প্রথম রেকে থাকছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার।

যাত্রীদের জন্য থাকছে বাড়তি সুবিধা

বাংলাদেশের জন্য তৈরি কোচগুলোতে যাত্রীদের আরাম ও সুবিধার কথা মাথায় রেখে উন্নতমানের রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট রাখা হয়েছে। একাধিক অবস্থানে চেয়ার হেলিয়ে বসার সুবিধাও থাকছে।

নিরাপত্তার জন্য কোচগুলোতে সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং যাত্রী অ্যালার্ম সিস্টেম যুক্ত করা হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ এবং নামাজের কক্ষ।

ছাদেও বিশেষ পরিবর্তন

বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বিবেচনায় কোচগুলোর ছাদ কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে। অতিরিক্ত চাপ সহ্য করতে সক্ষম এমনভাবে ছাদ তৈরি করা হয়েছে, বিশেষ করে ব্যস্ত সময়ে যাত্রীদের ছাদে ওঠার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলার বিষয়টি মাথায় রেখে।

দুর্ঘটনায় নিরাপত্তায় ‘ক্র্যাশওয়ার্দি’ প্রযুক্তি

প্রযুক্তিগত দিক থেকেও কোচগুলোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। দুর্ঘটনার সময় যাত্রীদের নিরাপত্তা বাড়াতে ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করে ‘ক্র্যাশওয়ার্দি ডিজাইন’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এ জন্য কোচের বডি শেল কাঠামোও নতুনভাবে নকশা করা হয়েছে বলে পিআইবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশের জন্য ৪১৫ ভোল্টের বৈদ্যুতিক ব্যবস্থা

বাংলাদেশ রেলওয়ের বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব এলএইচবি কোচের বৈদ্যুতিক ব্যবস্থা তৈরি করা হয়েছে।

ভারতীয় রেলের প্রচলিত কোচগুলোতে যেখানে ৭৫০ ভোল্টের বৈদ্যুতিক ব্যবস্থা ব্যবহৃত হয়, সেখানে বাংলাদেশের জন্য তৈরি কোচগুলোতে ৪১৫ ভোল্ট অপারেশন ব্যবস্থা রাখা হয়েছে।

২০০ কোচ তৈরির দায়িত্ব আরসিএফকে

বাংলাদেশ রেলওয়ে ও কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরির মধ্যে সহযোগিতার শুরু ২০১৫-১৬ সালে। ওই সময়ে বাংলাদেশকে ১২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করা হয়েছিল।

এর ধারাবাহিকতায় ২০২৪ সালে রাইটসের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে আবারও কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরির দায়িত্ব দেয়।

এই ২০০টি কোচ সাতটি ভিন্ন ভ্যারিয়েন্টে সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি