টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
নিউজফিল্ড রিপোর্ট:
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, অফিসগামী ব্যক্তি, শিক্ষার্থী ও পথচারীরা। রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার (১৭ আগস্ট) সকাল পর্যন্ত অব্যাহত থাকায় নগরীর বিভিন্ন এলাকায় পানি আরও বেড়েছে।
রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমেছে।
এদিকে ভারী বৃষ্টির কারণে নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফ্লাইওভারে চলাচলকারী যানবাহনের ওপর পানি পড়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টি
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
তিনি জানান, লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
নগরীর আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বিজয় রায় জানান, গত ২৪ ঘণ্টায় সেখানে ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে পরবর্তী তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সড়কে পানি, কমেছে যানবাহন
ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও ধীরগতিতে গাড়ি চলাচল করছে, আবার কোথাও সড়কে জমে থাকা পানি মাড়িয়ে পথ চলতে হচ্ছে সাধারণ মানুষকে।
বিশেষ করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি বেশি। অনেককে হাঁটুসমান পানি পেরিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
রাহাত্তারপুল এলাকার বাসিন্দা খাদিজা জান্নাত সুজন বলেন, রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকালে বের হয়ে দেখেন সড়কে পানির পরিমাণ আরও বেড়েছে। প্রতি বছর বর্ষায় একই ধরনের ভোগান্তি হলেও এর স্থায়ী সমাধান হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বাকলিয়ার বাসিন্দা ফকরুল আলম জানান, সকালে অফিসে যাওয়ার সময় সড়কে ব্যাপক পানি দেখতে পেয়েছেন। একই সঙ্গে যানবাহনের সংখ্যাও কম থাকায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে।
বহদ্দারহাটের বেসরকারি চাকরিজীবী এস এম গিয়াস উদ্দিন বলেন, সড়কে পানি জমে থাকায় স্বাভাবিকভাবে হাঁটাচলাও কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি বলে জানান তিনি।
গ্যাস সংকটে যানবাহন কম, ভোগান্তি আরও বেড়েছে
চলমান গ্যাস সংকটের প্রভাবও পড়েছে নগরীর গণপরিবহন ব্যবস্থায়। গ্যাসের অভাবে অনেক সিএনজিচালিত অটোরিকশা সড়কে নামেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
ফলে একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে যানবাহনের সংকট—দুইয়ে মিলে নগরবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।
উপজেলাতেও জলাবদ্ধতা
শুধু নগরী নয়, চট্টগ্রামের আশপাশের উপজেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে বোয়ালখালীর বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে।
বিশেষ করে চরখিজিরপুর-সাতগড়িয়াপাড়া এলাকায় পুরো বর্ষাজুড়েই জলাবদ্ধতার কারণে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কে পানি জমে থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের চলাচলেও সমস্যা হচ্ছে।
স্থায়ী সমাধান চান নগরবাসী
নগরবাসীর অভিযোগ, সামান্য ভারী বৃষ্টিতেই চট্টগ্রামের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এবারও রাতভর বৃষ্টির পর সোমবার সকাল থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
প্রধান সম্পাদক