মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

সীতাকুণ্ডে ৯ মৃত্যুর রেশ কাটতেই আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা, আশঙ্কাজনক ১

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২৬ ইং
সীতাকুণ্ডে ৯ মৃত্যুর রেশ কাটতেই আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা, আশঙ্কাজনক ১

সীতাকুণ্ডে আবারও শিপইয়ার্ডে দুর্ঘটনা, গুরুতর আহত শ্রমিক

নিউজফিল্ড রিপোর্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিক নিহত হওয়ার ঘটনার দুই দিনের মাথায় আবারও একটি গ্রিন শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে। এতে মো. আলাউদ্দিন নামে এক ফিটার গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার চৌধুরীঘাটা এলাকার বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ওপর থেকে পড়ল ভারী লোহার বস্তু

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ ওপর থেকে একটি ভারী লোহার বস্তু নিচে পড়ে আলাউদ্দিন গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রামের একটি বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে যান। আহত আলাউদ্দিন সীতাকুণ্ডের কুমিরা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার ঘটনাটি প্রথমদিকে গোপন রাখার চেষ্টা করা হলেও পরে বিষয়টি জানাজানি হয়।

দুই দিনের ব্যবধানে ফের দুর্ঘটনা

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়।

ওই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র দুই দিনের মাথায় আরেকটি শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনার ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

‘সরকারি সংস্থাগুলোর গাফিলতির প্রমাণ’

দুর্ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) হেড অব অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহিন।

তিনি বলেন, ৯ শ্রমিকের প্রাণহানির ঘটনার পরপরই আরেকটি ইয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে। তার মতে, এটি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর নজরদারিতে ঘাটতির বিষয়টি সামনে নিয়ে আসে।

শিল্প খাতকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকারের কার্যকর তদারকি জোরদার করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ইয়ার্ড কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি

ঘটনার বিষয়ে বারাকা শিপব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সেক্রেটারি মো. নাজমুল ইসলাম বলেন, তিনি একজন শ্রমিক আহত হওয়ার খবর শুনেছেন এবং ওই শ্রমিক চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনা সম্পর্কে এর বেশি তিনি জানেন না।

টানা দুই দুর্ঘটনায় শিপব্রেকিং ইয়ার্ডগুলোতে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি