তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬ পুণ্যার্থী
নিউজফিল্ড আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের সামনে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোরে তারাপীঠ শহরের ‘বিদেশীনি’ নামের পাঁচতলা হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ও আহতরা শ্রাবণ মাসের বিশেষ পূজা উপলক্ষে তারাপীঠ মন্দিরে এসেছিলেন বলে জানা গেছে।
ভোরে আগুন, ঘুমন্ত অতিথিদের মধ্যে আতঙ্ক
তারাপীঠ থানার কাছেই অবস্থিত হোটেলটিতে ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার ধারণা করা হচ্ছে।
হোটেলের এক তলায় আগুন লাগার পর দ্রুত তা আশপাশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ওই সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে শিশুও ছিল।
আগুনের সঙ্গে সঙ্গে পুরো হোটেলে ধোঁয়া ছড়িয়ে পড়লে অতিথিদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই অনেকে কক্ষে আটকা পড়েন বলে হোটেল সূত্রে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও পুলিশ
হোটেলটি থানার কাছাকাছি হওয়ায় খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ। পরে দমকল বাহিনীর সদস্যরাও সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুনে হোটেলের নিচতলার একটি বড় অংশ পুড়ে যায়। কয়েকজন অতিথি আগুনে দগ্ধ হন। আরও কয়েকজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।
‘এনসিবি ফেটে আগুনের সূত্রপাত’
হোটেল কর্তৃপক্ষের দাবি, ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ সরবরাহের এনসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার হঠাৎ ফেটে গিয়ে আগুনের সূত্রপাত হয়।
হোটেলের মালিক কল্যাণ পাল জানান, রাতের নিরাপত্তাকর্মীরা দ্রুত অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। কিন্তু এর মধ্যেই হোটেলের সাজসজ্জায় ব্যবহৃত ফাইবারজাতীয় বিভিন্ন সামগ্রীতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।
পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ধোঁয়া পাঁচতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।
বের হওয়ার সময়ও ঘটে বিপত্তি
হোটেলের মালিকের ভাষ্য অনুযায়ী, আগুন ও ধোঁয়ার কারণে আতঙ্কিত অতিথিরা কক্ষ থেকে বেরিয়ে আসতে শুরু করেন। কিন্তু চারপাশ অন্ধকার হয়ে যাওয়ায় অনেকে পেছনের দিকের বের হওয়ার দরজা খুঁজে পাননি।
ফলে অনেকেই রিসেপশন দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন আগুনের সংস্পর্শে এসে দগ্ধ হন বলে জানান তিনি।
ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও হোটেলের নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রধান সম্পাদক