ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিউজফিল্ড রিপোর্ট:
ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে মধ্যবয়সী এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
নদীতে ভাসতে দেখে পুলিশে খবর
পুলিশ জানায়, সন্ধ্যায় বংশী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদন তৈরির সময়ও নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পরিচয় শনাক্তে পিবিআইকে খবর
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্ত করতে আঙুলের ছাপ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে জানান তিনি।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
প্রধান সম্পাদক