মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ : আইনমন্ত্রী

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২৬ ইং
সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ : আইনমন্ত্রী

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী

নিউজফিল্ড রিপোর্ট:

সরকারি চাকরি শুধু একটি পেশা নয়, বরং জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, একজন কর্মকর্তা সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে তা সরকারি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইন ও বিচার বিভাগের আয়োজনে সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত এবং অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর ভূমিকা গুরুত্বপূর্ণ

আইনমন্ত্রী বলেন, কোনো মন্ত্রণালয়ের সফলতা শুধু মন্ত্রী, সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নির্ভর করে না। নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী সঠিকভাবে দায়িত্ব পালন করলেই একটি মন্ত্রণালয়ের কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সম্ভব।

তিনি বলেন, মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমে প্রত্যেকের অবদান রয়েছে। এমনকি একজন কর্মচারী যিনি মন্ত্রীর জন্য চা পরিবেশন করেন কিংবা দরজা খুলে দেন, তিনিও দায়িত্ব ঠিকভাবে পালন করলে প্রতিষ্ঠানের কাজে ভূমিকা রাখেন।

তাই দায়িত্ব পালনে ছোট-বড় কোনো কাজ নেই এবং প্রত্যেকের অবদানের যথাযথ স্বীকৃতি থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

পদোন্নতির সঙ্গে বাড়ে দায়িত্ব

সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আসাদুজ্জামান বলেন, পদোন্নতি একজন কর্মকর্তার জন্য আনন্দ ও গৌরবের বিষয় হলেও এর সঙ্গে দায়িত্বও বেড়ে যায়।

নতুন পদে আরও বেশি নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। জনগণের প্রত্যাশা পূরণে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।

অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা অনুপ্রেরণা হবে

দীর্ঘ কর্মজীবন শেষে অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের অবদান ও কর্মনিষ্ঠার জন্য ধন্যবাদ জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের উদাহরণ ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে অবসরোত্তর জীবনে তাদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং পদোন্নতিপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি