কলকাতার ‘শিখা ইন’ অগ্নিকাণ্ডে লিজধারী আবু জাফর গ্রেপ্তার
নিউজফিল্ড আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার হোটেল ‘শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজধারী আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ হোটেলটি আবু জাফরের নামে লিজ নেওয়া হয়েছিল। তিনি উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকার বাসিন্দা।
আরও দুজন আটক
লালবাজারের গোয়েন্দা বিভাগ এন্টালি মার্কেট এলাকা থেকে আবু জাফরকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আরও দুজনকে আটক করেছে পুলিশ। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, আটক দুজনের মধ্যে পাশের হোটেল ‘যাপন’-এর একজন কর্মী রয়েছেন।
‘যাপন’ হোটেলটির মালিকানার সঙ্গেও অগ্নিকাণ্ডে নিখোঁজ ‘শিখা ইন’-এর মালিক বীরেশ্বর মিত্রের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে বীরেশ্বর মিত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি।
৯ হোটেল ও ৪ রেস্তোরাঁকে শোকজ
অগ্নিকাণ্ডের পর মির্জা গালিব স্ট্রিটের আরও ৯টি হোটেল এবং ৪টি রেস্তোরাঁকে অগ্নিনিরাপত্তা বিধি না মানার অভিযোগে শোকজ করেছে দমকল বিভাগ।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
‘শিখা ইন’ ঘিরে অনিয়মের অভিযোগ
মির্জা গালিব স্ট্রিটের পাঁচতলা একটি ভবনে একাধিক হোটেল ও অতিথিনিবাস পরিচালিত হচ্ছিল। ভবনটির কক্ষগুলো ছিল অত্যন্ত ছোট ও ঘনবসতিপূর্ণ বলে অভিযোগ উঠেছে।
ওই ভবনের তৃতীয় তলায় প্রায় ১ হাজার ১০০ বর্গফুট জায়গাজুড়ে পরিচালিত হচ্ছিল ‘শিখা ইন’। অভিযোগ রয়েছে, দুটি কক্ষের সমান জায়গায় সেখানে পাঁচটি ছোট কক্ষ তৈরি করা হয়েছিল।
মঙ্গলবার রাত ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
আবাসিক ভবন বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
অগ্নিকাণ্ডের ঘটনায় উঠে এসেছে আরও গুরুতর অভিযোগ। সংশ্লিষ্ট ভবনে চলা হোটেলগুলোর কোনোটি যথাযথ অগ্নিনিরাপত্তা বিধি মেনে গড়ে ওঠেনি বলে অভিযোগ করা হয়েছে।
এমনকি আবাসিক ভবনকে বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগও উঠেছে। দমকল বিভাগের সদর দপ্তরের কাছাকাছি এলাকায় এমন একটি বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
বিশেষ তদন্তকারী দল গঠন
অগ্নিকাণ্ডের তদন্তে বুধবারই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে কলকাতা পুলিশ। গোয়েন্দা বিভাগের নেতৃত্বে গঠিত ওই দলই পরে ‘শিখা ইন’-এর লিজধারী আবু জাফরকে আটক করে।
অগ্নিকাণ্ডের পেছনে নিরাপত্তা বিধি লঙ্ঘন, হোটেল পরিচালনার বৈধতা এবং ভবন ব্যবহারের নিয়ম ভাঙা হয়েছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের অবহেলাকে দায়ী করেছেন। তার অভিযোগ, আগের সরকার ইচ্ছাকৃতভাবে এসব অনিয়মের বিষয় থেকে নজর সরিয়ে রেখেছিল।
তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রধান সম্পাদক